সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ দিবেন যেদিন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে তার।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই সফরে নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো যাওয়ার বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরে সফরসূচিতে পরিবর্তন আনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এবার জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যাও সীমিত রাখা হয়েছে। কর্মকর্তাদের মতে, অতীতের তুলনায় ছোট প্রতিনিধিদল নিয়ে এই সফরের আয়োজন করা হয়েছে, যা সরকারের ব্যয়সংযম নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় যোগ দেওয়া এবং বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
জাতিসংঘের আলোচ্যসূচির মধ্যে উন্নয়ন, ভবিষ্যৎ মহামারি মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এছাড়া সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ পৃথক আলোচনা আয়োজন করবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।








