Logo

তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা, থাকবে ডোসিয়ারেও

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০০
তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা, থাকবে ডোসিয়ারেও
ছবি: সংগৃহীত

চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অন্য ব্যক্তি বা ব্যক্তির মাধ্যমে তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের তদবিরের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর ডোসিয়ারে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর সংশ্লিষ্ট বিধিতে নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি কর্মচারীদের কারো কারো পক্ষে তাদের চাকরি সংক্রান্ত নানাবিধ তদবির করার জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি/ব্যক্তিবর্গ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার দ্বারস্থ হচ্ছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী অসদাচরণের শামিল।’

এতে আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর পক্ষে অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গ চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তদবিরের বিষয়টি বিস্তারিতভাবে ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবে চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন বলেও চিঠিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষকে এ ধরনের আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে।

নিজ নিজ নিয়ন্ত্রণাধীন দপ্তর বা সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD