Logo

সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৫
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার
ছবি: সংগৃহীত

আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে জোর দিচ্ছে সরকার। সরকারি-বেসরকারি ভবন, শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদে সৌর প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ দেওয়া হচ্ছে। এ বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সেপ্টেম্বরের শুরুতেও প্রতিমন্ত্রী একই দামের কথা জানিয়েছিলেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে ‘কৌশল থেকে বাস্তবায়ন: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ও জাতীয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতের বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎকে গুরুত্ব দিতে হবে। দেশের বিপুলসংখ্যক সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনের সুযোগ রয়েছে। এসব জায়গা কাজে লাগানো গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর চাপ কমানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মেটাতে ব্যবহার করবে। এরপর যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে, তা নেট মিটারিং ব্যবস্থার আওতায় জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সরকারের ঘোষিত ব্যবস্থায় এই উদ্বৃত্ত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমানোর পাশাপাশি বাড়ি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা নিজেদের ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে পারবেন। এতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক সুযোগও তৈরি হবে।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি সৌরবিদ্যুৎ উৎপাদন এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ বাস্তবায়ন, ২০৩০ সালের লক্ষ্য, সৌরবিদ্যুৎ উৎপাদন, অর্থায়ন, কার্বন ক্রেডিট, প্রণোদনা, নীতিগত সহায়তা ও নেট মিটারিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিদ্যুৎ বিভাগ জাতীয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির পাশাপাশি ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ও সমন্বয় শাখার কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরাফিন। বিশেষ অতিথি ছিলেন জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশের জ্বালানি বিভাগের সমন্বয়ক স্টোয়ানকা স্টিচ এবং বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা শাখার অতিরিক্ত সচিব নূর আহমেদ।

বিজ্ঞাপন

যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD