বাসে নেই ভাড়ার তালিকা, চলছে ‘ইচ্ছামতো’ আদায়

জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার বাসভাড়া সমন্বয় করলেও রাজধানীর অনেক বাসে নতুন ভাড়ার তালিকা টানানো হয়নি—এমন অভিযোগ উঠেছে। এর ফলে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং পরিবহনকর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটছে বলে জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যৌথ বিবৃতিতে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার গণপরিবহনের ভাড়া সমন্বয় করেছে। ২২ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
তবে জাতীয় কমিটির অভিযোগ, ভাড়া বাড়ানোর পরও ঢাকা মহানগরীতে চলাচলকারী অনেক বাসে দূরত্ব ও নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি। তাদের দাবি, তালিকা না থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে পরিবহনকর্মীরা নিজেদের মতো করে ভাড়া আদায় করছেন।
এ ধরনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর সরকারি সিদ্ধান্তের আগেই রাজধানীর বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ২০ টাকা বেশি নেওয়ার অভিযোগও প্রকাশ্যে এসেছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জাতীয় কমিটি আরও অভিযোগ করেছে, গত চার-পাঁচ দিন ধরে রাজধানীর নগর পরিবহন এবং ঢাকা ও আশপাশের জেলাগুলোর মধ্যে চলাচলকারী বাসে এ ধরনের পরিস্থিতি চললেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
বিজ্ঞাপন
ভাড়া নিয়ে অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে ঢাকাসহ সারাদেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।








