ঢাকার ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক

ঢাকার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলো আর ধ্বংস হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এসব স্থাপনা ও নিদর্শন সংরক্ষণ রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার নৈতিক ও নাগরিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওয়ারীর ঢাকা খ্রিষ্টান কবরস্থানের প্রাচীন সমাধিগুলোর সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আদি ঢাকার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও পুরোনো রূপ ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তার ভাষ্য, আদি ঢাকাকে কেন্দ্র করেই বর্তমানের বড় নগরী গড়ে উঠেছে এবং এখানকার ঐতিহাসিক স্থানগুলোর গুরুত্ব অনেক। তাই পুরোনো কোনো নিদর্শন নষ্ট হতে দেওয়া উচিত নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওয়ারী এলাকার অতীত ইতিহাস তুলে ধরে আবদুস সালাম বলেন, একসময় নদীপথে যোগাযোগ এবং নগর সুবিধার কারণে ওয়ারী ঢাকার অন্যতম বনেদি ও অভিজাত এলাকা হিসেবে পরিচিত ছিল। অনেক বিশিষ্ট ব্যক্তি এ এলাকায় বসবাস করতেন। পাশের বলধা গার্ডেনসহ পুরো এলাকার পরিবেশ আগের মতো সুন্দর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে সিটি করপোরেশন কাজ করছে বলেও জানান তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে আলাদা কোনো পরিচয় নেই; সবাই বাংলাদেশি এবং সমান নাগরিক। এক ধর্মের মানুষের যে অধিকার রয়েছে, অন্য ধর্মাবলম্বীরও একই অধিকার রয়েছে। কোনো বিভেদ নয়, সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, ঐতিহ্যবাহী কবরস্থানটির শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হবে। কবরস্থানের আশপাশের রাস্তাঘাট, ড্রেনেজ, আলোকায়ন ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও জোরদার করবে সিটি করপোরেশন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কবরস্থানের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য ডিএসসিসির তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও অর্থ সহায়তা দেওয়ারও আশ্বাস দেন।
আদি ঢাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, রাস্তা সরু হলেও সেগুলো পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। এলাকাভিত্তিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভাসমান জনগোষ্ঠীসহ বিভিন্ন স্থানীয় সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।








