জাতীয় গ্রিডে ত্রুটি, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিদ্যুৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বার্তায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের কিছু এলাকাও বিদ্যুৎহীন হয়ে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রকৌশলীরা পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। জাতীয় গ্রিডের ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। ফলে গ্রিডের এই সমস্যায় দেশের সব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, গ্রিড মেরামতের কাজ চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। একই সঙ্গে বিপর্যয়ের প্রকৃত কারণও এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা গ্রিড পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।








