এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে কোনো কর্মকর্তা জড়িত হলে তার দায় একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে পুরো পুলিশ বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসান মো. শওকত আলী বলেন, কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে সেটি তার ব্যক্তিগত দায় হিসেবেই বিবেচিত হবে। ব্যক্তিগত দায় থেকেই তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাহিনীর কোনো দায় নেই এবং বাহিনী কখনো ব্যক্তির অপরাধের দায়ভার গ্রহণ করবে না।
মামলার প্রক্রিয়া সম্পর্কে সিএমপি কমিশনার জানান, গত শনিবার একটি মামলার এজাহার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আসে। পরে সেটি পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নেওয়া প্রয়োজন ছিল। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলা রুজুর পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। আইন অনুযায়ী রবিবারই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে বাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিষয়টি মানসিক চাপের নয়। কারণ, অপরাধে জড়িত ব্যক্তির দায় তার নিজের।
তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যে-ই জড়িত হবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
মুঠোফোনে মিলেছে দুটি ‘বড় বার্তা’
এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।
ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি।
বিজ্ঞাপন
যেসব অভিযোগে গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছিলেন এসপি জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিজ্ঞাপন
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।








