হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিজ্ঞাপন
আটক ব্যক্তি মো. আব্দুল হান্নান (৪৩)। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাব-২। পরে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, হামলার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া নম্বরটি হলো—ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫। এরপর বিআরটিএর মাধ্যমে যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের পরিচয় পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
এদিকে, গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটের দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। পেছন দিক থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।








