Logo

রামিসা হত্যা মামলা : তদন্ত কর্মকর্তার হাতে ডিএনএ রিপোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ২১:০২
রামিসা হত্যা মামলা : তদন্ত কর্মকর্তার হাতে ডিএনএ রিপোর্ট
রামিসা | ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসা আক্তারের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্তে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) বিকেলে ডিএনএ রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানিয়েছেন, আগামী রবিবার (২৪ মে) আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হতে পারে।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (২০ মে) আদালতে হাজির করা হলে প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।

বিজ্ঞাপন

একইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম আরও দ্রুত এগোবে বলে আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। মামলার সব আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD