পাঁচ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল ইসলাম গ্রেপ্তার

ইয়াবা কারবারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তদন্ত কর্মকর্তা।
বিজ্ঞাপন
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, শফিকুল ইসলাম গত জুলাই মাসে পল্লবী থানায় বদলি হয়ে আসেন। সেখানে দুই থেকে তিন দিন দায়িত্ব পালনের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।








