আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের তদন্তে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিন ব্যক্তি হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদক সূত্রের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।
অভিযোগের মধ্যে বেআইনি কাজ করিয়ে দিতে ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের বিষয় রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও দুদকে করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
সূত্রের দাবি, সাবেক ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকার সময় ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আসিফ মাহমুদ বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছেন—এমন অভিযোগও অনুসন্ধানে এসেছে বলে জানা গেছে।
তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করবে দুদক। অনুসন্ধান শেষে অভিযোগের বিষয়ে কমিশনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।








