আন্ডারওয়্যারে ইয়াবা লুকিয়েও শেষ রক্ষা পেলেন না কাপড় ব্যবসায়ী

বগুড়ার শিবগঞ্জে আন্ডারওয়্যারে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে পাচারের অভিযোগে জামাল (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রেপ্তার জামাল খুলনার সোনাভাঙ্গা থানার হাফিজনগর এলাকার মৃত নুরের ছেলে। ডিএনসি বগুড়া জেলা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালায় ডিএনসি। এ সময় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা জামালকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার পরনে থাকা আন্ডারওয়্যারে বিশেষ কৌশলে রাখা একাধিক জিপার প্যাক থেকে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার ওজন প্রায় ৪৯৪ গ্রাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএনসি জানায়, জামাল পেশায় কাপড় ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
বগুড়া ডিএনসির উপপরিচালক মোহা. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের চালানের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।








