Logo

দেশে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সবচেয়ে জরুরি: শামসুজ্জামান দুদু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৯
দেশে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সবচেয়ে জরুরি: শামসুজ্জামান দুদু
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে, লক্ষাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

এ সময় শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছেন। চোরাগুপ্তা হামলার পরিকল্পনা করছে। তারা যদি আবার ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবারও তাদেরকে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আওয়ামী লীগ সে দাবি উপেক্ষা করেছে। যার কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে। তারা যদি সুষ্ঠু নির্বাচন দিত এসে গণতন্ত্র রাখত তাহলে তাদের এ পরিণতি হতো না।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD