রাঙামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ

রাঙামাটি জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটিতে আবারও পদত্যাগের ঘটনা ঘটেছে। এবার পদত্যাগের ঘোষণা দিলেন জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
বিজ্ঞাপন
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ফোনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার (৩০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম
বিপিন জ্যোতি জানান, এ নিয়ে আমার ওপর কোনো রকম চাপ বা কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। কেবল ব্যক্তিগত, পারিবারিক কারণে ও দীর্ঘদিনের মানসিক চাপে দলীয় সব কার্যক্রম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কেন্দ্রীয় কমিটির নিকট আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র পাঠাব।
এর আগে ১৪ নভেম্বর একই কারণে দলটির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা এনসিপি থেকে পদত্যাগ করেন। উজ্জ্বল এদিন তার নিকট পদত্যাগপত্র জমা দেন বলে জানান পদত্যাগী সদস্য জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি।
এছাড়াও রাতে ফেসবুক স্ট্যাটাসে দলীয় সব কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্রশক্তির জেলা নেতা সর্বজিৎ চাকমা।
আরও পড়ুন: বিএনপিতে পড়েছে যোগদানের হিড়িক, বাড়বে আরও শক্তি: মির্জা ফখরুল
তবে পদত্যাগগুলোকে শুধুই ব্যক্তিগত কারণ বলে দাবি করলেও দলের ভেতরে ভিন্ন মতও রয়েছে। এনসিপির জেলা কমিটির অন্যতম যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সাম্প্রতিক সময়ে জেলা কমিটিকে ঘিরে কিছু মতবিরোধ দেখা দিয়েছে। হয়তো অভিমান থেকেই বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে।








