বিএনপির ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী দলের নেতারা

আগামী দিনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গঠন এবং দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে সমর্থনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনলাইন ও অফলাইনে জামায়াত-শিবিরের উগ্র আচরণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে কটূক্তি ও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি রুহুল কবীর রিজভী
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াত সাধারণ মানুষের কাছে নিজেদের ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করলেও রাষ্ট্রীয়, কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সেক্যুলার হিসেবে তুলে ধরছে। এ কারণে জামায়াত জোটের প্রার্থীদের ভোট না দিয়ে বিএনপির প্রতীক ধানের শীষে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন ধারার আলেমরা। একই সঙ্গে তারা দেশবাসীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
মাওলানা মুমিনুল ইসলাম জানান, যারা বিএনপি ও ধানের শীষের প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়ার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ ফুলতলী, ছারছিনা, মাইজভান্ডার ও জৈনপুর দরবারের পীর-মাশায়েখ এবং ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উভয় অংশের নেতারা।
এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন, দীর্ঘ সময় ধরে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দায়ী। তার অভিযোগ, সাম্প্রতিক সময়ে জামায়াত পরিকল্পিতভাবে আরও অস্থিরতা সৃষ্টি করেছে, যা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে গভীর সংকটে ফেলেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও ইসলামী চিন্তাবিদদের বিরুদ্ধে উগ্র ও আগ্রাসী আচরণে সাধারণ মানুষ আতঙ্কিত। এমন পরিস্থিতিতে আগামী দিনের বাংলাদেশকে উগ্রতা ও অস্থিরতা থেকে রক্ষা করতে বিভিন্ন ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপি ও ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে বিএনপি ও ধানের শীষের কোনো বিকল্প নেই।








