নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে গতকাল দুই দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর আজ (১৪ মার্চ) সকালে করা সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার অবস্থা স্থিতিশীল এবং রিপোর্ট ভালো এসেছে।
বিজ্ঞাপন
এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী মির্জা আব্বাসের চিকিৎসা ভালো যাচ্ছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পরে সিটি স্ক্যানের ফলাফল সিঙ্গাপুরেও পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যায়।
গত বুধবার ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে পরিকল্পনা করা হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। তবে শারীরিক অবস্থার স্থিতিশীল না থাকায় দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর যেকোনো জটিলতা এড়াতে মির্জা আব্বাসকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা প্রক্রিয়া এবং রিপোর্ট অনুযায়ী, তার অবস্থার উন্নতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দও হাসপাতাল পরিদর্শন করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। নিয়মিত সিটি স্ক্যান এবং পর্যবেক্ষণের মাধ্যমে তাকে সম্পূর্ণ সুস্থ করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।








