Logo

ওসমান হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ, ২০২৬, ১১:২৯
ওসমান হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ছয় দফা দাবির ভিত্তিতে এ আলটিমেটাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাদি হত্যা মামলার আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে তাদের আবারও ১৪ দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, আসামিদের গ্রেপ্তারকে শুরুতে সরকারের সাফল্য হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে জাতির সামনে ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলো হলো—

১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে সক্রিয় হয়ে ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটিকে অনুরোধ নয়, বরং জনগণের পক্ষ থেকে আলটিমেটাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

২. হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের আড়াল করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এজন্য নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

৩. আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছে, কারা তাদের সহায়তা করেছে—এ বিষয়ে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততা তদন্ত করে সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

৪. ভারতে ‘UAPA’ আইনের কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করতে বাংলাদেশকে বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের আহ্বান জানানো হয়েছে। এ সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে নিয়মিত অগ্রগতি জানাবে এবং আইনি জটিলতা নিরসনে কাজ করবে।

বিজ্ঞাপন

৫. ওসমান হাদি হত্যা মামলার বিচার উন্মুক্ত পদ্ধতিতে পরিচালনার দাবি জানানো হয়েছে, যাতে জাতীয় গণমাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা যায় এবং স্বচ্ছতা নিশ্চিত হয়।

৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানায়, এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD