Logo

পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১১:২১
পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি করপোরেশনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটিতে লড়বেন মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সিলেট সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটিতে প্রার্থী হয়েছেন মো. মোবাশ্বের আলী।

বিজ্ঞাপন

প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই কমিশনের অধীনে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, দেশে দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় স্থবিরতা তৈরি হয়েছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞাপন

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে বিধান থাকা প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD