Logo

প্রধানমন্ত্রী তেলের দাম বাড়ানোর পক্ষে ছিলেন না: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৮:৫৮
প্রধানমন্ত্রী তেলের দাম বাড়ানোর পক্ষে ছিলেন না: রিজভী
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনে দাম কিছুটা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, এটি সরকারের একতরফা সিদ্ধান্ত নয়, বরং জনমুখী বাস্তবতার প্রেক্ষাপটে নেওয়া পদক্ষেপ।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করা হয় দলের সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে।

রিজভী বলেন, দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়তে থাকায় এবং সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় মূল্য কিছুটা সমন্বয় করা হয়েছে। মূল্য না বাড়ালে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতো।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নিজে তেলের দাম বাড়ানোর পক্ষে ছিলেন না। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এসব বাস্তবতায় সরকার দীর্ঘ সময় ধরে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।

সরকারের মন্ত্রীদের উদ্দেশে রিজভী বলেন, দায়িত্বশীল আচরণ শুধু কথায় নয়, কাজে প্রতিফলিত হওয়া জরুরি। বক্তব্য ও বাস্তবতার মধ্যে অসামঞ্জস্য যেন না থাকে— সে দিকেও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় গুমের ঘটনাগুলো নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত অনেকেই এখনও দেশের ভেতরেই রয়েছে, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর তদন্ত বা রিমান্ডে নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করলে গুম হওয়া নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

গুম সংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো সংশোধন করে আরও শক্তিশালী ও মানবিক আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যতে এমন অমানবিক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD