Logo

সংসদে নিরাপত্তাহীনতায় সুরক্ষা চাইলেন এমপি হান্নান মাসউদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৯:৫৯
সংসদে নিরাপত্তাহীনতায় সুরক্ষা চাইলেন এমপি হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর হাতিয়ায় ক্রমবর্ধমান সন্ত্রাসী তৎপরতা, ভূমিদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য এবং একাধিক হামলার ঘটনার কথা তুলে ধরে সংসদে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসউদ। তিনি অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে এবং এখনও তিনি ও তার সমর্থকেরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব বিষয় তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, হাতিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও জলদস্যুদের তৎপরতা বেড়ে গেছে, যা সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্যও হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, সম্প্রতি হাতিয়া থেকে ফেরার সময় প্রশাসনের মাধ্যমে জানতে পারেন যে ফেরিতে তার ওপর হামলার পরিকল্পনা ছিল।

তিনি আরও জানান, নির্বাচনী সময়সহ বিভিন্ন সময়ে মোট পাঁচবার হামলার শিকার হয়েছেন তিনি। এমনকি তার জন্য দোয়া করায় স্থানীয় এক ইমামকে মসজিদ থেকে বের করে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হান্নান মাসউদ বলেন, তার ব্যবহৃত গাড়িতে এখনও হামলার চিহ্ন রয়ে গেছে এবং হামলাকারীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

একইসঙ্গে এক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

তিনি প্রশ্ন তুলে বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি নিজ এলাকাতেই নিরাপদে চলাচল করতে না পারেন, তাহলে তার অবস্থান কোথায়? ভবিষ্যতে তার ওপর আবার হামলা হলে তার দায় কে নেবে—এই প্রশ্নও তোলেন তিনি। এ সময় তিনি সংসদের কার্যপ্রণালি বিধির ১৬৪ ধারায় একটি বিশেষ অধিকার নোটিশ উত্থাপন করেন।

বিজ্ঞাপন

নোটিশের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার বিষয়টিকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তবে কার্যপ্রণালি বিধির সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করা সম্ভব নয় বলে জানান তিনি। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগগুলো সত্য হলে তা অবশ্যই উদ্বেগজনক। তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে উৎসাহিত করেন এবং বলেন, অভিযোগ দায়ের করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, সংসদের যেকোনো সদস্য এ ধরনের সমস্যার মুখোমুখি হলে দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানো উচিত। সরকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD