অফিস পাওয়ার পর এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ

উপজেলায় অফিস বরাদ্দ পাওয়ার পর এবার যাতায়াতের সুবিধার জন্য সরকারি গাড়ি চেয়ে সংসদে বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
বক্তব্যে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন সুবিধা নেই। অনেক সময় ভাড়ায় গাড়ি ব্যবহার করে নির্বাচনী এলাকায় যেতে হয়, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। জনগণের কাছে সহজে পৌঁছাতে এমপিদের জন্য গাড়ির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
তার এই দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা না নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এমনকি ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিলের বিষয়েও ভাবা হচ্ছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি বরাদ্দ কমানো ও সরকারি ব্যয় সংকোচনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে বিষয়টি নিয়ে আলোচনা করে কোনো সমাধান সম্ভব কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
এ সময় বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে বলেন, তরুণ এমপির এই দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তিনি রসিকতার সুরে বলেন, ছোটদের আবদারে সবসময় ‘না’ বলা ঠিক নয়। দ্রুত নেতিবাচক প্রতিক্রিয়া না দিয়ে বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে আরও ভালো হতো।
পরে স্পিকার আলোচনার সমাপ্তিতে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করেছেন।








