জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না: সাদিক কায়েম

জুলাই শহীদদের সঙ্গে যারা প্রতারণা করবে, তারা ধ্বংসের পথে যাবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের পরিবর্তন, নির্বাচন ও সরকার গঠন হয়েছে। কিন্তু সেই সরকার এখন জুলাইয়ের চেতনা অস্বীকার করছে। বিপ্লবের সুফল ভোগ করেও আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যারা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তারা শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে টিকতে পারবে না।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল আবারও ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং শিক্ষার্থীদের ভয় দেখিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাদিক কায়েম বলেন, ক্ষমতায় এসে ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়া বা জুলাইয়ের সিদ্ধান্ত বাতিল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, দেশে আবারও ফ্যাসিবাদী প্রবণতা ফিরিয়ে আনার কোনো সুযোগ দেওয়া হবে না এবং যারা অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।








