Logo

হত্যাচেষ্টার অভিযোগ তুলে সংসদে নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১৮:১৬
হত্যাচেষ্টার অভিযোগ তুলে সংসদে নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি
ছবি: সংগৃহীত

পেশাদার খুনি ভাড়া করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফা। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বক্তব্য দেন তিনি। এ সময় সংসদ সদস্য ঘটনাটির বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাগরিবের নামাজ আদায়ের জন্য তিনি সঙ্গীদের নিয়ে একটি ফিলিং স্টেশনের নামাজের স্থানে গেলে তার গাড়ির ওপর হামলা চালানো হয়।

তার অভিযোগ, বিএনপির পরিচয়ে কিছু ব্যক্তি এ হামলা চালায়। হামলার শব্দ শুনে তার সহকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তিনি যে মসজিদে অবস্থান করছিলেন, হামলাকারীরা সেখানে গিয়ে তাকে খুঁজতে থাকে। মুসল্লিরা দরজা বন্ধ করে দিলে, সেটি ভাঙারও চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

মাছুম মোস্তফা আরও বলেন, হামলাকারীরা তাকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার জন্য পেশাদার খুনি আনা হয়েছিল। তবে মসজিদে উপস্থিত মুসল্লিদের বাধার মুখে হামলাকারীরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি।

সংসদে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, পরিস্থিতি এমন ছিল যে, সামান্য এদিক-সেদিক হলে হয়তো তাকে নিয়ে শোক প্রস্তাব আনতে হতো। তিনি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের, পরিবারের সদস্যদের এবং স্থানীয় দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তিনি এখনও অবগত নন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে স্পিকার জানান, তিনি সংবাদমাধ্যমে ঘটনাটি দেখেছেন এবং পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। জবাবে সংসদ সদস্য বলেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে মাত্র একজন তালিকাভুক্ত আসামি, অন্যরা নিরপরাধ বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, মূল অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সভা-সমাবেশ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন, তবে এখনো মূল আসামিদের গ্রেপ্তারে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। এ অবস্থায় দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পরে এ বিষয়ে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, সংসদের সকল সদস্য এ ঘটনার নিন্দা জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়টির সুষ্ঠু তদন্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদ এ বিষয়ে একমত বলেও উল্লেখ করেন তিনি।

শেষে স্পিকার বলেন, সরকার পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়েছে, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD