রাতেই দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ফোরামে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (১০ মে) রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে। দলীয় সূত্রে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সফরে তিনি দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ করবেন। গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে আয়োজিত এই আন্তর্জাতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে আসিফ মাহমুদ মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। এসব সেশনে বৈশ্বিক প্রেক্ষাপটে মানবাধিকারের বর্তমান পরিস্থিতি এবং নাগরিক অংশগ্রহণের সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
বিজ্ঞাপন
এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সেখানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং তাদের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, সফরকালে তিনি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা ও কমিউনিটি সংযোগমূলক কর্মসূচিতেও অংশ নেবেন।
বিজ্ঞাপন
সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে। এই আন্তর্জাতিক সফর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলটির সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন এনসিপি নেতারা।








