Logo

মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ১৫:০৭
মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার: রিজভী
ছবি: সংগৃহীত

মানুষের মুখে হাসি ফোটানো এবং কোনো শ্রেণি-পেশার মানুষ যেন বঞ্চিত না হয়—এই লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রবিবার (১০ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের তৃতীয় তলায় আইডিইবির ৪৫তম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জনগণের ভোটে বর্তমান সরকার দায়িত্বে এসেছে। তাই রাষ্ট্র পরিচালনায় সরকার সম্পূর্ণভাবে জনগণের কাছে জবাবদিহির মধ্যেই কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা কর্মসূচি এবং অন্যান্য অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। এসব প্রতিশ্রুতি কেবল ঘোষণায় সীমাবদ্ধ নয়, বরং বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

কৃষি খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষিঋণ মওকুফ, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগকে তিনি বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রসঙ্গে রিজভী বলেন, দেশের অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ন্যায্য দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের মতামত গুরুত্বের সঙ্গে শোনা হচ্ছে। দেশের প্রাকৃতিক সম্পদ, উর্বর জমি এবং নদী-খাল সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে আরও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

বিজ্ঞাপন

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান নেতৃত্বের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD