Logo

ছাত্রশিবির আবারও ‘গুপ্ত রাজনীতির’ দিকে ঝুঁকছে: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ১৫:২৮
ছাত্রশিবির আবারও ‘গুপ্ত রাজনীতির’ দিকে ঝুঁকছে: রাশেদ খাঁন
রাশেদ খান । ফাইল ছবি

ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক ইস্যু নিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবারও ‘গুপ্ত রাজনীতির’ দিকে ঝুঁকছে বলে তার পর্যবেক্ষণ।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি ছাত্ররাজনীতি, সাম্প্রতিক আন্দোলন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে তার মতামত তুলে ধরেন।

রাশেদ খাঁন তার পোস্টে বলেন, শিবিরের যারা প্রকাশ্যে এসেছে, আজ অবধি কারও কোনও সমস্যা হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে। যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে অ্যানালাইসিস করে পেয়েছে। এ কারণে শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে।

তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। জোরপূর্বক মিছিল মিটিংয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া, গণরুম গেস্টরুমের নির্যাতন কোনোটাই নেই। কিন্তু শিবির গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়েছিল।

তিনি আরও বলেন, তারা ভাবছিলো যে, হয়তো তারা আওয়ামী লীগের পতনের পরেও ওইভাবে প্রকাশ্যে রাজনীতির সুযোগ পাবে না। শিয়ালের লেজকাটা গল্পের মত আরকি! কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা একের পর এক আত্মপ্রকাশ করেছে। সবাই তাদেরকে সাধুবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

ইডেন মহিলা কলেজের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গতরাতে ইডেন কলেজ উত্তাল হয়েছে। অদ্ভুত হয়ে গেলাম, এসব শিক্ষার্থীর অধিকাংশ নেকাব কিংবা মাস্ক পরা! অথচ জুলাই গণঅভ্যুত্থানের সময় ইডেনের যে সকল শিক্ষার্থীরা গেট ভেঙে নেমে এসেছিল, তারা কিন্তু খুব স্বাভাবিক পোশাকেই বের হয়ে এসেছিল।

তিনি অতীতের আন্দোলনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাও করেন এবং বলেন, তারা নেকাব বা মাস্ক পরে নিজেকে লুকাতে চায়নি! আমি আমার এই বোনদের পরামর্শ দেব, প্রতিদিন সন্ধ্যার পরে ইডেনের সামনে রাস্তার দুই ধার দিয়ে যেসব কাপলরা বসে থাকে... কারা বসে থাকে জানি না, কিন্তু এটা বন্ধ করতে পারলে আপনাদের সুনাম হবে। এটা বন্ধের দাবিতে আন্দোলন করলে মানুষ সাধুবাদ জানাবে।

বিজ্ঞাপন

রাশেদ খাঁন আরও বলেন, রাস্তার দুই ধারে দীর্ঘ সময় বসে থেকে যারা ইডেনের বদনাম করছে, এই অপসংস্কৃতি বন্ধে আপনাদের কঠোর আন্দোলন দেখতে চাই। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD