Logo

ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৩:৫১
ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ও প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সহায়তাসহ সার্বিক কার্যক্রম পরিচালনায় মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে ব্যয়ের এই হিসাব তুলে দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর জন্য কেন্দ্রীয়ভাবে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জমা দেওয়া বিবরণীতে উল্লেখ করা হয়, দলীয় অনুদান হিসেবে প্রার্থীদের মাঝে মোট ৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে। সে হিসাবে একজন প্রার্থী গড়ে প্রায় দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা পেয়েছেন।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাবপত্রে নির্বাচনী ব্যয়ের বিভিন্ন খাত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এতে নির্বাচনী ইশতেহার প্রস্তুত ও মুদ্রণ, সংবাদ সম্মেলনের আয়োজন, আপ্যায়ন, প্রচারসামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচারের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

খাতভিত্তিক হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। পরিবহন খাতে ব্যয় দেখানো হয়েছে ৮ হাজার ৭০০ টাকা। এছাড়া জনসভা আয়োজন ও নেতাদের সফর বাবদ খরচ হয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে স্টাফ বা জনবল ব্যবস্থাপনায় ব্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা। আবাসন ও প্রশাসনিক কাজে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা। পাশাপাশি বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্যও নির্বাচন কমিশনে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীও তাদের নির্বাচনী ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণী জমা দিলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD