Logo

জামায়াতের পতনের ঘণ্টা বেজে গেছে, দাবি রাশেদ খানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১২:৫৬
জামায়াতের পতনের ঘণ্টা বেজে গেছে, দাবি রাশেদ খানের
রাশেদ খান । ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, বিরোধী দল হিসেবে জামায়াতের পতনের সূচনা ইতোমধ্যে হয়ে গেছে এবং খুব শিগগিরই দলটি বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়বে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, বিভিন্ন বিষয়ে তার সমালোচনামূলক বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়মিত কটূক্তি ও গালাগালের শিকার হতে হচ্ছে। এ দাবির পক্ষে একটি স্ক্রিনশটও তিনি শেয়ার করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছু মানুষ মনে করেন গালাগাল ও ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে তাকে চুপ করিয়ে দেওয়া সম্ভব। তবে এসব আচরণে তিনি দমে যাওয়ার কোনো কারণ দেখেন না।

রাশেদ খানের ভাষ্য, বিরোধী দল হিসেবে জামায়াতের রাজনৈতিক দুর্বলতা ক্রমেই প্রকাশ পাচ্ছে। তিনি দাবি করেন, সংসদে দলটির কার্যক্রম ও বক্তব্যে বিভিন্ন সীমাবদ্ধতা এবং অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠছে।

তার মতে, দেশের রাজনৈতিক ইতিহাসে সাধারণত ক্ষমতাসীন দলের পতনের ঘটনা বেশি দেখা গেলেও এবার ভিন্ন চিত্র দেখা যেতে পারে। তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক অবস্থানের অবনমন ইতোমধ্যে শুরু হয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও স্পষ্ট হবে।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে রাশেদ খান দাবি করেন, খুব শিগগিরই জামায়াত বড় ধরনের রাজনৈতিক ধাক্কার মুখে পড়বে। এ পরিস্থিতির জন্য দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডই দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD