ইসিতে আয়-ব্যয়ের হিসাব: বিএনপির বছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি

নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার পর কমিশন সচিবালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন জমা দেয়।
বিজ্ঞাপন
বিএনপির জমা দেওয়া অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ অর্থবছরে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। ফলে দলীয় তহবিলে বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।
প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহদপ্তর সম্পাদক মনির হোসেন।
তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে বিএনপির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাধারণত রাজনৈতিক দলগুলো সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থকে আয়ের উৎস হিসেবে দেখায়। অন্যদিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র ও পোস্টার প্রকাশ, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অসচ্ছল নেতাকর্মীদের সহায়তা খাতে ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, দেশে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। কোনো দল টানা তিন বছর এ হিসাব জমা না দিলে তাদের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।








