এবার নয়াপল্টনে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা অংশ নেন। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী ৫ আগস্টের সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।
জোটের নেতারা বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশকে শান্তিপূর্ণ ও সফল করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এ লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিবেশ, চলমান আন্দোলন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের রূপরেখা নিয়ে মতবিনিময় করেন জোটের নেতারা।
বিজ্ঞাপন
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে ওই হামলার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি তোলা হয়।
আলোচনায় অংশ নেওয়া নেতারা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশে সহিংসতার কোনো স্থান নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করা উচিত বলেও তারা মত দেন।
সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বিজ্ঞাপন
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে সিদ্ধান্ত হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ১১ দলীয় ঐক্যের পরবর্তী কর্মসূচি আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে। সেখানে আন্দোলনের ভবিষ্যৎ কৌশল ও নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনাও বৈঠকে আলোচনায় আসে। জোটের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
জোটের নেতাদের মতে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করতে সব পক্ষের সংযম ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যেই আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।








