আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরবেন: রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় বাংলাদেশে ফিরে আসবেন বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা রয়েছে। তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। স্বাধীনতা সংগ্রামের সময় আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বয়স হয়েছে এবং তিনি যদি দেশে ফিরে না আসেন, তাহলে তার রাজনৈতিক দলের ভবিষ্যৎ ও দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের পরিণতি কী হবে—সেটিও বিবেচনার বিষয়। সবকিছু মিলিয়ে তার ‘কমন সেন্স’ বলছে, শেখ হাসিনা দেশে ফিরবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বর্তমানে মানুষের হাতে বিভিন্ন ধরনের গণমাধ্যম ও যোগাযোগের মাধ্যম রয়েছে। ফলে কোনো বক্তব্য পুরোপুরি আটকে রাখা বাস্তবে কঠিন। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলেও তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। সেটি যদি গণতন্ত্র না হয়ে থাকে, তাহলে বর্তমান পরিস্থিতিকে কীভাবে গণতন্ত্র বলা যায়—সে প্রশ্নও তোলেন তিনি।
ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনগুলোর ওপর নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত দেয়।
রুমিন ফারহানার মতে, সংঘর্ষের মতো ঘটনা দেশের রাজনীতিতে অতীতের সহিংস সংস্কৃতির পুনরাবৃত্তিরও লক্ষণ।








