Logo

সাত ইসলামি দলের ঐক্যে আসছে হেফাজতের নতুন রূপরেখা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৬:২৪
সাত ইসলামি দলের ঐক্যে আসছে হেফাজতের নতুন রূপরেখা
ছবি: সংগৃহীত

কওমি ধারার সাত ইসলামি দলের মধ্যে ঐক্য গড়ার উদ্যোগে নতুন করে তৎপরতা শুরু করেছে হেফাজতে ইসলাম। দলগুলোর পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব ও ফর্মূলা পর্যালোচনা করে নিজেদের একটি নতুন রূপরেখা তৈরির সিদ্ধান্ত নিয়েছে হেফাজতের উদ্যোগে গঠিত সাব কমিটি।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাব কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাত দলের ঐক্যপ্রক্রিয়ার কাঠামো, প্রস্তাবিত ফর্মূলা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হেফাজতের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাত দলের পক্ষ থেকে ঐক্যের বিষয়ে যেসব প্রস্তাব ও ফর্মূলা দেওয়া হয়েছে, বৈঠকে সেগুলো পর্যালোচনা করা হয়েছে। সাব কমিটি শিগগিরই আবার বৈঠকে বসবে। ওই বৈঠকের আলোচনার ভিত্তিতে একটি নতুন রূপরেখা তৈরি করা হবে। পরে সাত দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ছাড়াও সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলীল আহমদ কাসেমি, সাব কমিটির আহ্বায়ক মুফতি জসিম উদ্দীন, মুফতি বশিরুল্লাহ এবং মাওলানা আইয়ূব বাবুনগরী উপস্থিত ছিলেন।

তবে সাব কমিটির অন্যতম দায়িত্বশীল আল্লামা আব্দুল হামিদ মধুপুরী ও মুফতি সালাহ উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

সাব কমিটির পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। সংশ্লিষ্ট নেতা জানিয়েছেন, খুব শিগগিরই বৈঠকটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে হাটহাজারী মাদ্রাসার নাম আলোচনায় রয়েছে।

কওমি ধারার সাত ইসলামি দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলামের উদ্যোগে আগে একটি সাব কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির মাধ্যমে দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাব্য কাঠামো, রাজনৈতিক কর্মসূচি, পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা চলছে।

এরই ধারাবাহিকতায় সাত দলের পক্ষ থেকে পৃথকভাবে বিভিন্ন প্রস্তাব ও ফর্মূলা দেওয়া হয়েছে। এসব প্রস্তাব একসঙ্গে পর্যালোচনা করে হেফাজতের পক্ষ থেকে একটি সমন্বিত রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাব কমিটির পরবর্তী বৈঠকে প্রস্তাবগুলো আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করে ঐক্যের কাঠামো সম্পর্কে একটি খসড়া তৈরি হতে পারে। এরপর সংশ্লিষ্ট সাত দলের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে হেফাজতের উদ্যোগে নতুন রূপরেখা তৈরি হলেও সাত ইসলামি দলের মধ্যে ঐক্য চূড়ান্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বৈঠক এবং পরবর্তী আলোচনার ওপরই এ প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতি নির্ভর করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD