Logo

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন ৪ নেতার শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৬:২৫
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন ৪ নেতার শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে পৃথকভাবে দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্য হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন এই চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা। তারা জানান, বিএনপির ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দেশ পরিচালনা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া হবে।

আমান উল্লাহ আমান বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। তিনি বিএনপিকে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের পাশে থাকার কথা জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তার মতে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও দ্রুতগতিতে সেই ধারাকে এগিয়ে নেওয়ার কাজ করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি দেশের রাজনৈতিক ঐতিহ্যের ধারক। জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন তিনি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতার অন্তর্ভুক্তির পর এটাই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিগুলোর একটি। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব পাওয়া নেতাদের বক্তব্যে দলের রাজনৈতিক আদর্শ, নির্বাচনী অঙ্গীকার এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্বের প্রতি আস্থা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD