Logo

জামায়াত সুযোগ পেলে আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৭:২০
জামায়াত সুযোগ পেলে আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্টে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে যান নুর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে সোহান গুরুতর আহত হন।

নুরুল হক নুর বলেন, ছয় মাস না যেতেই জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। বর্তমান সরকারকে নিয়েও দলটির নেতারা বিভিন্ন ধরনের বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী নাম নিয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, দলটি ইসলামের নাম ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড করছে, যা ইসলামের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে দলটির নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

নুর বলেন, “জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হবে।” তার অভিযোগ, জামায়াত ইসলামি পরিচয় ব্যবহার করলেও দলটির নৈতিক চরিত্রে অবক্ষয় ঘটেছে।

বিজ্ঞাপন

জামায়াতের কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা ও সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন নুরুল হক নুর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আমির হামজাকে নিয়ে তিনি অভিযোগ করেন, ওই সংসদ সদস্য বিভিন্ন সময়ে নারী সংসদ সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। পাশাপাশি আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছেন বলে দাবি করেন নুর। তার অভিযোগ, জামায়াত এসব বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমির হামজা ও গাজী নজরুল ইসলামের মতো নেতাদের কর্মকাণ্ডের পরও জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, ‘ইসলামী’ পরিচয় ব্যবহার করে দলটি ইসলামেরই ক্ষতি করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD