Logo

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ওমান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৬
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ওমান
ফাইল ছবি।

মধ্যপ্রাচ্যের দেশ ওমান চলতি বছরের পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, এ বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার সরকারি ঘোষণার পরই জানানো হবে।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতরের সূচনা হবে।

তবে ওমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে। জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয়। এ ক্ষেত্রে চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করা হয়।

বিজ্ঞাপন

এই হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এ বছর রোজা ২৯টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতর নিশ্চিত হয়, তাহলে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।

সাধারণত ঈদ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বা শনিবারে পড়লে অতিরিক্ত ছুটি দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতে কাজকর্ম পুনরায় শুরু হতে পারে মঙ্গলবার ২৪ মার্চ।

বিজ্ঞাপন

সূত্র : গালফ নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD