‘লীগ অ্যাক্টিভ হয়েছে, সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হলো’

চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইনকিলাব মঞ্চ তাদের নেতাকর্মী ও সমর্থকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’
পোস্টে আরও ইঙ্গিত দেওয়া হয়, চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। এ কারণে সংগঠনের পক্ষ থেকে সতর্কতামূলকভাবে সবাইকে নিরাপদ অবস্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন

এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনকারীদের দাবি, এ সময় পুলিশ ছররা গুলিও নিক্ষেপ করে।
বিজ্ঞাপন
এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৯৬ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে।








