Logo

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩
আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ দল। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লিটন বাহিনী।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৪ রান সংগ্রহ করে। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান—মাত্র ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন এই ব্যাটার। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) জুটিতেও আসে কার্যকর রান। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ ২৩ রানে ২ উইকেট ও রশিদ খান ২৬ রানের খরচায় ২ উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হারায় গুরুত্বপূর্ণ দুই উইকেট। এরপরও লড়াই চালান গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০)। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট (৪-০-২৮-৩)। সমান কার্যকর ছিলেন নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২)। তাসকিন আহমেদও শেষ মুহূর্তে তুলে নেন ২ উইকেট।

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। তাসকিনের বলে ছক্কা মেরে ম্যাচে উত্তেজনা ফেরান ব্যাটার নূর। তবে শেষ রক্ষা হয়নি। ফলে বাংলাদেশও আপাতত টিকে রইল। লিটনদের এশিয়া কাপের মূল পর্বে টিকে থাকা নির্ভর করছে অবশ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৫৪/৫ (তানজিদ তামিম ৫২, সাইফ ৩০ ; রশিদ ২/২৬)

আফগানিস্তান: ১৪৬/১০ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০ : মোস্তাফিজ ৩/২৮)

বিজ্ঞাপন

ফলাফল: বাংলাদেশ ৮ রানে জয়ী

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD