খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক

সাদা বলের ক্রিকেটে গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের নির্ভরতার নাম জস বাটলার। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার।
বিজ্ঞাপন
প্রথম দুই ম্যাচে ৪৭ রান করার পর পরের পাঁচ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৫—যা তার দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে একেবারেই বেমানান।
ব্যাট হাতে এমন খরার মধ্যেই সতীর্থ ও অধিনায়ক হ্যারি ব্রুক দাঁড়ালেন বাটলারের পাশে। ব্রুকের বিশ্বাস, সময়টা খারাপ গেলেও ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না ইংলিশ তারকার।
বিজ্ঞাপন
ব্রুক বলেন, আমার মনে হয় জসকে তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটার সর্বকালের সেরাদের একজন সে। আমি নিশ্চিত, সে বড় মঞ্চে ভালো কিছুই করবে—বিশেষ করে সেমিফাইনালে।
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ভারত জাতীয় ক্রিকেট দল। শক্তিশালী দল ও ঘরের মাঠের সমর্থন—সব মিলিয়ে ম্যাচটি ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবু চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন ব্রুক ও তার দল।
বিজ্ঞাপন
ইংলিশ অধিনায়ক বলেন, আমরা সবাই রোমাঞ্চিত। দলের অনেকেই ভারতের বিপক্ষেই খেলতে চেয়েছিল। এটা বড় উপলক্ষ, দুই দলের জন্যই চাপ থাকবে। ভারতের সমর্থন থাকবে প্রবল, আমাদের জন্য হয়তো গ্যালারিতে খুব বেশি সমর্থক থাকবে না। তবু আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই।
এখন দেখার বিষয়, বড় ম্যাচে কি না আবারও জ্বলে ওঠেন বাটলার—নাকি তার ব্যাটের নীরবতা ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নে প্রভাব ফেলে।








