Logo

শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারাল রিয়াল মাদ্রিদ

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১২:০০
শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারাল রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোর বিপক্ষে নাটকীয় জয়ে ব্যবধান কিছুটা কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেন ফেদেরিকো ভালভের্দে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে সেল্টা ভিগোকে ২–১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। প্রথমে অরেলিয়েন চুয়ামেনির গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে প্রথমার্ধেই সমতা ফেরান বোর্হা ইগলেসিয়াস। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভালভের্দের গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল সেল্টা। ষষ্ঠ মিনিটে তাদের ফরোয়ার্ড ইগলেসিয়াসের নেওয়া নিচু শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পরই সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। দশম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র, তবে তার প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। একাদশ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেওয়া কর্নার থেকে আর্দা গুলারের পাস পেয়ে প্রথম স্পর্শেই জোরালো শটে দলকে এগিয়ে দেন চুয়ামেনি।

২৫তম মিনিটে ম্যাচে ফেরে স্বাগতিকরা। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে এগিয়ে গিয়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে কাটিয়ে পাস দেন উইলিয়ট সুইডবার্গ। সেই পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে সমতা ফেরান ইগলেসিয়াস।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষ দিকে আরেকটি বিপজ্জনক আক্রমণ করেছিল সেল্টা। ৪৫তম মিনিটে সুইডবার্গের জোরালো শট প্রতিহত করে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য লড়াই চালিয়ে যায় দুই দল। তবে দীর্ঘ সময় আক্রমণে থেকেও কার্যকর সুযোগ তৈরি করতে পারছিল না রিয়াল। ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট সহজেই সামলে নেন গোলরক্ষক।

৭০তম মিনিটে কর্নার থেকে বল সেল্টার এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টির দাবি তোলে রিয়াল। তবে ভিএআর দেখে রেফারি উল্টো সেল্টাকে ফ্রি-কিক দেন, কারণ আগ মুহূর্তে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছিলেন চুয়ামেনি।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ভাগ্য সহায় ছিল রিয়ালের। বদলি নেমে কিছুক্ষণ আগে শট নেওয়া ইয়াগো আসপাসের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে ভালভের্দের জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। ফলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

বিজ্ঞাপন

এই জয়ের ফলে ২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে সেল্টা ভিগো।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD