পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। কয়েক মাস বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথমে বল হাতে পাকিস্তানকে তাদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও দাপট দেখিয়ে সহজ জয় তুলে নেয় টাইগাররা। তানজিদ হাসান তামিমের ঝড়ো অপরাজিত ফিফটিতে দ্রুত লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন।
১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। শুরুতে সাইফ হাসান ৪ রান করে আউট হলে ২৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তবে অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম।
বিজ্ঞাপন
তার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই আসে ৮১ রান। মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করা তামিম শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পাননি। পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পিন আক্রমণে গেলেও তাতেও ব্রেকথ্রু আসেনি।
বিজ্ঞাপন
পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদ রানাকে আক্রমণে আনার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। নিজের প্রথম ওভারের শেষ বলে সাহিবজাদা ফারহানকে (২৭) পয়েন্টে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।
এরপর টানা চার ওভারে আরও চার উইকেট তুলে নেন নাহিদ। তার শিকার হন শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। এতে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে এবং নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন এই ডানহাতি পেসার।
পরবর্তীতে ১৯তম ওভারে উইকেটের তালিকায় নাম লেখান মিরাজও। তিনি আব্দুল সামাদকে লিটন দাসের গ্লাভসে ক্যাচে পরিণত করার পর হোসাইন তালাত ও শাহিন শাহ আফ্রিদিকেও আউট করেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় স্পেলে ফিরে তাসকিন আহমেদ মোহাম্মদ ওয়াসিমকে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন।
৮২ রানে নবম উইকেট হারানোর পর পাকিস্তান শতরানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। তবে শেষ উইকেটে ফাহিম আশরাফ ও আবরার আহমেদের ৩২ রানের জুটিতে দলীয় সংগ্রহ একশ পার হয়। ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।








