Logo

নিজেকে প্রমাণ করার লড়াইয়ে আরও এক বাধার মুখে নেইমার

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১৫:১৮
নিজেকে প্রমাণ করার লড়াইয়ে আরও এক বাধার মুখে নেইমার
ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে ফিরে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে মরিয়া নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি দারুণভাবে নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বৃহস্পতিবার রাতে রেমোর বিপক্ষে জয়ের ম্যাচে দলকে সাহায্য করলেও রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ব্রাজিলিয়ান সিরি আ-এর ম্যাচে সান্তোস ঘরের মাঠে রেমোকে ২-০ গোলে হারিয়েছে। নেইমার গোল না পেলেও দুটি গোলেই তার অবদান ছিল উল্লেখযোগ্য। ম্যাচের ৪০তম মিনিটে তার নিখুঁত পাস ধরে থাচিয়ানো বল জালে জড়ান। আর ৮৩তম মিনিটে নেইমারের আরেকটি পাস থেকে গঞ্জালো এসকোবার ও ময়জেসের যোগসাজশে দ্বিতীয় গোলটি আসে।

তবে জয়ের আনন্দ অটুট থাকেনি। ৮৭তম মিনিটে প্রতিপক্ষের ফাউলের প্রতিবাদ করতে গিয়ে রেফারি সাভিয়ো পেরেইরা সাম্পাইয়োর কাছ থেকে হলুদ কার্ড দেখেন নেইমার। ম্যাচ শেষে নেইমার রেফারির সমালোচনা করে বলেন, সাভিয়ো খেলোয়াড়দের সম্মান করতে জানেন না। তার ভাষ্য— সাভিয়ো খেলায় নিজেকে তারকা বানাতে চান, খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চান না এবং সবকিছু একাই নিয়ন্ত্রণ করতে চান।

বিজ্ঞাপন

এই হলুদ কার্ডের কারণে আগামী রবিবার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পাচ্ছে না সান্তোস। বর্তমানে লিগ টেবিলের ১৩তম স্থানে থাকা দলটির জন্য এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের দিক থেকেও এটি নেইমারের জন্য বড় ধাক্কা। ১৮ মে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। ইএসপিএন সূত্রে জানা গেছে, কোচ ইতোমধ্যে দলের বেশিরভাগ অংশ চূড়ান্ত করে ফেলেছেন। এমন পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য নিজেকে প্রমাণের সুযোগ ছিল। কিন্তু এক ম্যাচ বেঞ্চে বসে থাকতে হওয়ায় তার সেই সুযোগ কমে গেল।

বিজ্ঞাপন

সান্তোসের হয়ে সাম্প্রতিক সময়ে ভালো খেলে নেইমার বিশ্বকাপ দলে ফেরার আশা জাগিয়েছিলেন। তবে এই ঘটনায় তার প্রস্তুতি ও ফর্মের ধারাবাহিকতায় কিছুটা ছেদ পড়ল। ফ্ল্যামেঙ্গো ম্যাচ ছাড়াই সান্তোসকে মাঠে নামতে হবে, যা তাদের জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD