সন্ধ্যায় দেশে ফিরছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করা বাংলাদেশের তরুণ ফুটবল দল আজ সন্ধ্যায় দেশে ফিরছে। মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সূচি অনুযায়ী, চ্যাম্পিয়ন দলটি আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেশে পৌঁছাবে।
বিজ্ঞাপন
এই জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য আরও শক্তভাবে প্রতিষ্ঠা করল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। ফলে টানা দুই আসরে শিরোপা জয়ের বিরল কৃতিত্ব গড়ে তরুণ ফুটবলাররা।
ফাইনাল ম্যাচটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের মধ্যে সমানে সমান লড়াই হয়। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।
বিজ্ঞাপন
টাইব্রেকারের শুরুতেই বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন অসাধারণ দক্ষতায় ভারতের প্রথম শটটি প্রতিহত করে দলকে এগিয়ে দেন। তবে পাল্টা চাপ তৈরি করে ভারতও, ফলে চার শট শেষে দুই দলের স্কোর দাঁড়ায় ৩-৩ সমতায়।
শেষ শটে গিয়ে আবারও চাপে পড়ে ভারত। তাদের খেলোয়াড় শট মিস করলে বাংলাদেশের সামনে জয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয়। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ফাইনাল শট নিতে আসেন রোনান সুলিভান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলা এই ফুটবলার অসাধারণ ঠান্ডা মাথায় নিখুঁত পানেনকা শটে বল জালে জড়ান, পরাস্ত করেন ভারতের গোলকিপার সুরাজ সিংকে। তার এই গোলে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা জয়।
বিজ্ঞাপন
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন ইসমাইল হোসেন মাহিন। কোচ মার্ক কক্সের অধীনে এই তরুণ দলটির সাফল্যে দেশের ফুটবল অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে।
চ্যাম্পিয়নদের এই অর্জনে দেশে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিমানবন্দরে তাদের বরণ করে নিতে ভক্ত-সমর্থকদের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।








