Logo

সাফ চ্যাম্পিয়নদের অভ্যর্থনা, ফুলেল বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ২১:৩৮
সাফ চ্যাম্পিয়নদের অভ্যর্থনা, ফুলেল বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল দেশে ফিরেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টার দিকে দেশে ফেরেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। তাদের বরণ করতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ফুল দিয়ে দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং পুরো দলের সাফল্যে অভিনন্দন জানান।

উল্লেখযোগ্য বিষয় হলো, আমিনুল হক নিজেও একসময় জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই অনুজ ফুটবলারদের এই অর্জনকে বিশেষভাবে উদযাপন করতে বিমানবন্দরে হাজির হন তিনি।

বিজ্ঞাপন

এ সময় ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফুটবল দলের সাফল্য উদযাপনে বিশেষ আয়োজন হিসেবে এবার প্রথমবারের মতো পুরুষ দলের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। পরবর্তীতে ২০২৪ সালে আবারও সাফ জয়ের পর এবং ২০২৫ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নেওয়ার সাফল্যে নারী দল আরও দুইবার এই সম্মান পায়।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-২০ দলের ছবিতে সাজানো ছাদখোলা বাসটি বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে। সেখান থেকে খেলোয়াড়দের নিয়ে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারের দিকে যাবে। সেখানে তাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাফুফে।

ইতোমধ্যে হাতিরঝিল এলাকা আলোকসজ্জা ও চ্যাম্পিয়ন দলের ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে। ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশে এই তরুণ ফুটবলারদের সাফল্য উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD