Logo

বিসিবি নির্বাচন : তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৩:২৯
বিসিবি নির্বাচন : তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন ঘিরে ওঠা নানা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্ত প্রক্রিয়ায় সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিটির ডাকে সাড়া দেননি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রবিবার (০৫ এপ্রিল) এনএসসিতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, তারা নিরপেক্ষ অবস্থান থেকে পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন প্রস্তুত করেছেন। কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যার মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন। তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।

বিজ্ঞাপন

গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে এনএসসি। বিসিবির নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করাই ছিল কমিটির প্রধান দায়িত্ব। নির্ধারিত সময়সীমা ছিল ১৫ কার্যদিবস, তবে নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন প্রস্তুত করে জমা দিয়েছে।

উল্লেখ্য, বিসিবির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়। নির্বাচনে তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশ নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়। একইসঙ্গে তারা ঘরোয়া ক্রিকেট বয়কট করায় কয়েকটি টুর্নামেন্ট এখনও শুরু করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পরবর্তীতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া সংগঠকরা আনুষ্ঠানিকভাবে বিসিবির নির্বাচন নিয়ে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত কমিটি গঠন করা হয়। এখন জমা দেওয়া এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD