ক্রিকেটার ও অফিসিয়ালদের পেনশন স্কিম চালু করবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর পরিকল্পনা অনুমোদন দিয়েছে। সম্প্রতি বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বিজ্ঞাপন
বিসিবি সূত্রে জানা গেছে, এই স্কিমের আওতায় বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন। অনেক খেলোয়াড় অবসর নেওয়ার পর আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েন; সেই বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো তৈরি করা হবে। প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পেনশন স্কিমের কাঠামো, যোগ্যতা ও আর্থিক ব্যবস্থাপনা নির্ধারণ করবে। পরবর্তী বোর্ড সভায় তারা পূর্ণাঙ্গ প্রস্তাবনা জমা দেবে। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু জানান, “প্রাথমিকভাবে কমিটি গঠন করা হয়েছে। তারা বোর্ডে পেনশন স্কিমের বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন করবে। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য কীভাবে, কতটা পেনশন প্রদান করা হবে, তার বিষয়েও এই কমিটি কাজ করবে।”
বিজ্ঞাপন
বিসিবি আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রিকেটে যুক্ত খেলোয়াড় ও অফিসিয়ালদের ভবিষ্যৎ আরও নিরাপদ হবে এবং এটি বোর্ডের দায়িত্ববোধের প্রতিফলন হিসেবেও কাজ করবে।








