Logo

বিশ্বকাপের আগে ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৫:১০
বিশ্বকাপের আগে ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক এক সপ্তাহ আগে ইউরোপ সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফা উইন্ডোতে ইউরোপীয় দেশ সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ম্যাচের ভেন্যু ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে শনিবার বাফুফেতে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জাতীয় দল কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, জুন উইন্ডোতে মিয়ানমার, থাইল্যান্ড ও মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট খেলার আলোচনা চলছে। কিন্তু মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই চিত্র পুরোপুরি বদলে যায়। ইউরোপের দেশ সান মারিনোর সঙ্গে ম্যাচ চূড়ান্ত হয়। বাফুফের সভায় আলোচনা ও ব্রিফ হয় এক রকম, সিদ্ধান্ত বা কার্যক্রম হয় অন্য রকম। এটি অবশ্য নতুন কিছু নয়।

বিজ্ঞাপন

সান মারিনো ইতালির খুব কাছে অবস্থিত একটি ছোট দেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২১১তম—বিশ্বের সবচেয়ে নিচে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান র‌্যাঙ্কিং ১৮১। অর্থাৎ ইউরোপে খেলার অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে বাংলাদেশ ৩০ ধাপ নিচের দলের বিপক্ষে মাঠে নামবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের ইউরোপ সফর ও সেখানে ম্যাচ খেলার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তবে সফরের ব্যয় এবং র‌্যাঙ্কিংয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

বাফুফে তাদের প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পেজে এই ম্যাচকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছে—বাংলাদেশ দলের প্রথম ইউরোপীয় ম্যাচ হিসেবে। তবে ইতিহাস বলছে, ২০০০ সালে লন্ডনে ভারত ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল ইংল্যান্ড সফর করেছিল। সেই হিসেবে এটি প্রথম ইউরোপ সফর নয়।

তবে একটি বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই—ইউরোপিয়ান কোনো দেশের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে এই ম্যাচ বাংলাদেশ দলের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ইউরোপীয় ফুটবলের স্টাইল ও পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন হামজা-জামালরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD