বেতন বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানালো কোয়াব

গত মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের এডহক কমিটি দায়িত্ব নেয়ার পর বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে।
বিজ্ঞাপন
কোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বৃদ্ধির এই উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সুফল খুব দ্রুতই চোখে পড়বে। দেশের ক্রিকেটে ইতিবাচক যে কোনো সিদ্ধান্তে কোয়াব সমর্থন জানাবে।”
নতুন কাঠামোর অধীনে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে—টি-টোয়েন্টি ১০ হাজার, ওয়ানডে ১৫ হাজার এবং টেস্ট ম্যাচে ২০ হাজার টাকা। এছাড়া চুক্তিভিত্তিক ৩০–৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
পুরুষ ক্রিকেটারদের বেতনও তিনটি ক্যাটাগরিতে বৃদ্ধি পেয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬৫ হাজার টাকা (পূর্বে ৩৫ হাজার), ‘বি’ ক্যাটাগরিতে বেতন বেড়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার টাকা হয়েছে। এছাড়া জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে এখন ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
কোয়াবের মতে, এই উদ্যোগ দেশের ক্রিকেটে উৎসাহ বৃদ্ধি করবে এবং খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য ও পেশাদারিত্ব আরও উন্নত করবে।








