Logo

নেইমারকে নিয়ে সুখবর দিলেন কার্লো আনচেলত্তি

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৩:০৬
নেইমারকে নিয়ে সুখবর দিলেন কার্লো আনচেলত্তি
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দল নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি ঘুরেফিরে আসছে, সেটি নেইমার জুনিয়র। তার দলে থাকা না থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। বিশেষ করে ফিটনেস, সাম্প্রতিক পারফরম্যান্স এবং মাঠের বাইরের বিতর্ক—সব মিলিয়ে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেনকার্লো আনচেলত্তি। সেই ঘোষণার আগে নেইমার দলে জায়গা পাবেন কি না, তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে। বিভিন্ন বিশ্লেষণ, মন্তব্য এবং বাজির বাজারে ওঠানামা—সবকিছু মিলিয়ে বিষয়টি এখন বেশ অনিশ্চিত।

বাজিকররাও (বুকমেকার) ইতোমধ্যে এই অনিশ্চয়তাকে কেন্দ্র করে বাজির দর নির্ধারণ শুরু করেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়, পূর্বাভাসবিষয়ক বিশ্বের জনপ্রিয় পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’-এ ২০২৬ বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণের সম্ভাবনা দেখানো হচ্ছে মাত্র ৩৭ শতাংশ। যা তার ফিটনেস ও মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে সংশয়ের প্রতিফলন। যদিও এই প্রতিবেদন প্রকাশের সময় সেই সম্ভাবনা বেড়ে ৫৭ শতাংশ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

এক্ষেত্রে অবশ্য আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্য ভূমিকা রাখতে পারে। তিনি নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স সঠিক পথে আছে জানিয়ে দুই মাসে আরও উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন। ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নেইমারের হাতে রয়েছে প্রায় ১১টি ম্যাচ, যেখানে পারফরম্যান্স দেখিয়ে তাকে আনচেলত্তি নেতৃত্বাধীন কোচিং প্যানেলকে সন্তুষ্ট করতে হবে। বারবার ইনজুরি ও বিশৃঙ্খল জীবনযাপন নিয়ে নেইমারের সমালোচনা আগে থেকেই ছিল, এর ভেতর গত সপ্তাহে একটি ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে রেমোর বিপক্ষে ম্যাচের পর এক সাক্ষাৎকারে নেইমার রেফারির সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, ‘রেফারির আচরণ রীতিমতো অশ্রদ্ধার পর্যায়ে চলে যাচ্ছে। সে ম্যাচের তারকা হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার আচরণ মোটেও সম্মানজনক নয়। কারও কথা শুনতে চায় না। সবখানে আধিপত্য বজায় রাখতে চায়। সাম্পাইও এমন–ই, মনে হচ্ছে তার পিরিয়ড চলছে।’

নারী-সংশ্লিষ্ট সেই মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং আন্তর্জাতিক পর্যায়েও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে কথা বলেন ব্রাজিল তারকা। সেখানে তার বন্ধু বিয়াঙ্কা কইম্ব্রার সঙ্গে আলোচনায় আসে বিষয়টি। নেইমারের সমর্থনে ব্যাখ্যা দিতে গিয়ে বিয়াঙ্কা বলেন, ‘ঐতিহাসিকভাবে নারীদের পিরিয়ড চলাকালীন আচরণ ভুলভাবে উপস্থাপন করা হয়। ওই সময়ের সঙ্গে ভুল সিদ্ধান্তকে যুক্ত করলে অবমূল্যায়ন করা হয় নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে।’

বিজ্ঞাপন

এদিকে, নারী-বিদ্বেষী বা লিঙ্গগত তুচ্ছ-প্রতিপন্ন মন্তব্য ও আচরণের জন্য নেইমার শাস্তি পেতে পারেন বলেও শঙ্কার কথা জানায় ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। যদিও সান্তোসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মনোযোগ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার দিকে। ক্লাবটি বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব নেইমারকে ম্যাচ খেলাতে চায়। সে কারণে সম্প্রতি ফিফার মার্চ উইন্ডোর সময় তার হাঁটুতে ‘প্লাটিলেট রিচ প্লাজমা’ পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে। এরপর থেকে তিনি শক্তি, গতি ও সহনশীলতা বাড়ানোর জন্য বিশেষ অনুশীলন করছেন।

গতকাল সান্তোসের হয়ে মাঠে নেমে নেইমার পুরো ৯০ মিনিট খেলেছেন। তার ক্লাব পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা অ্যাতলেটিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়েছে। এর আগে ইকুয়েডরের উচ্চতায় ডিপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে তিনি খেলেননি। এখনও তিনি পুরোপুরি ফিট নন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সান্তোসের হয়ে আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০১২ সালের লিবার্তাদোরেসে, যেখানে সেমিফাইনালে করিন্থিয়ান্সের কাছে হেরে বিদায় নেয় দলটি। দক্ষিণ আমেরিকার প্রতিযোগিতায় শুরুতে না খেলতে পারায় তার আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাবর্তনও বিলম্বিত হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে আসন্ন আর্জেন্টিনা ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচগুলোতে তিনি অংশ নিতে পারেন।

সব মিলিয়ে নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। ফিটনেস, আসন্ন ম্যাচে পারফরম্যান্স, মাঠের বাইরের বিতর্ক এবং বাজির বাজারের ওঠানামা—সবকিছু মিলিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। আগামী দিনগুলোতে তার পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোচ আনচেলত্তির সিদ্ধান্ত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD