Logo

আর বাকি ৬০ দিন: লুজানে গোল রেকর্ড আজও অটুট

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৫:৩৬
আর বাকি ৬০ দিন: লুজানে গোল রেকর্ড আজও অটুট
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ৪৮ দলের এই মহাযজ্ঞ। বর্তমানে আর মাত্র ৬০ দিন বাকি। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে এই কাউন্টডাউন চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখনও অটুট রয়েছে ১৯৫৪ সালের কোয়ার্টার ফাইনালে। স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যকার সেই ম্যাচে মোট ১২টি গোল হয়েছিল। আর সবকটি গোলই হয় মাত্র ৬০ মিনিটের মধ্যে—গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে গোল!

লুজানের স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটি ছিল তীব্র উত্তাপ ও নাটকীয়তায় ভরপুর। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা হওয়ায় এটি ‘দ্য হিট ব্যাটল অব লুজান’ নামে খ্যাত। অস্ট্রিয়া প্রথমে ৩-০ গোলে পিছিয়ে পড়লেও অসাধারণ প্রত্যাবর্তন করে ৭-৫ ব্যবধানে জয়লাভ করে। প্রথমার্ধেই হয় ৯টি গোল, যা বিশ্বকাপ ইতিহাসে এক অর্ধে সবচেয়ে বেশি গোলের অন্যতম রেকর্ড।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে সুইজারল্যান্ড দাপট দেখায়। রবার্ট বাল্লামান ১৭তম মিনিটে গোল করে এগিয়ে নেন। তারপর জোসেফ হুগি দ্রুত দুটি গোল করে স্কোর ৩-০ করেন। কিন্তু অস্ট্রিয়া ঘুরে দাঁড়ায়। থিওডর ওয়াগনার, আলফ্রেড কর্নার, আরনেস্ট অকভির্কদের গোলে বিরতির আগেই তারা ৫-৪ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ওয়াগনার হ্যাটট্রিক পূর্ণ করেন, হুগিও হ্যাটট্রিক করেন সুইজারল্যান্ডের হয়ে। শেষ পর্যন্ত ৭৬তম মিনিটে এরিখ প্রোবস্টের গোলে অস্ট্রিয়ার জয় নিশ্চিত হয়।

এই ম্যাচে অস্ট্রিয়ার থিওডর ওয়াগনার ও সুইজারল্যান্ডের জোসেফ হুগি—দুজনেই হ্যাটট্রিক করেছিলেন। তীব্র গরম, দ্রুত গোলবিনিময় ও নাটকীয় প্রত্যাবর্তনের কারণে এটি বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় ম্যাচগুলোর একটি হয়ে আছে।

২০২৬ বিশ্বকাপের আগে ফিফা এই ঐতিহাসিক ম্যাচটি স্মরণ করে দর্শকদের উত্তেজনা বাড়িয়ে তুলছে। নতুন ফরম্যাটে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে আরও বেশি গোল ও উত্তেজনার প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD