Logo

দর্শকদের অভিজ্ঞতা জানতে মাঠে বসার পরিকল্পনা তামিমের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১৪:২১
দর্শকদের অভিজ্ঞতা জানতে মাঠে বসার পরিকল্পনা তামিমের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার তিনি মাঠের দর্শকদের অভিজ্ঞতা জানতে সরাসরি তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

কিছুদিন আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি এবং লিগ পুনরায় মাঠে ফেরানোর মতো একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি।

বিসিবির এক ভিডিও বার্তায় তামিম বলেন, খেলোয়াড় ও স্টাফদের সমস্যা নিয়ে নিয়মিত আলোচনা হলেও দীর্ঘদিন ধরে দর্শকদের বিষয়ে সরাসরি মতামত নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তার মতে, যারা মাঠে খেলা দেখতে আসেন, তারা ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের অভিজ্ঞতা নিয়ে কখনোই পর্যাপ্ত আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

তামিম ইকবাল জানান, তিনি এই পরিস্থিতি বদলাতে চান। তার লক্ষ্য হলো দর্শকরা যেন মাঠে এসে একটি ইতিবাচক ও উপভোগ্য অভিজ্ঞতা পান এবং বাড়ি ফিরে সন্তুষ্টি প্রকাশ করতে পারেন।

তিনি আরও বলেন, দর্শকদের মাঠে প্রবেশ থেকে শুরু করে বসার ব্যবস্থা, পানীয় জল, খাবারসহ সব ধরনের সুবিধা সম্পর্কে মতামত নেওয়া হবে। একসঙ্গে সবাইকে নিয়ে আলোচনা সম্ভব না হলেও, এলোমেলোভাবে কয়েকজন দর্শককে নির্বাচন করে তাদের সঙ্গে সরাসরি বসে অভিজ্ঞতা শোনার পরিকল্পনা রয়েছে।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে কেন্দ্র করে এই উদ্যোগ শুরু করতে চান তামিম। তিনি জানান, সিরিজের প্রথম ম্যাচ থেকেই এই প্রক্রিয়া চালু হবে এবং দর্শকদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে স্টেডিয়ামের সেবার মান উন্নয়নের চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাঠে আসা দর্শকরা যেন বুঝতে পারেন তারা একটি ভালো পরিবেশে খেলা উপভোগ করেছেন—এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD